কুয়েটে আহত শিক্ষার্থীদের ছবি এবং হামলার ঘটনার ভিডিও প্রদর্শন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

৬ দফা দাবি আদায় ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ‘ছবিতে প্রতিবাদ, দাবিতে ঐক্য’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুয়েট কর্নারে এই কর্মসূচি পালন করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার ও কর্মসূচি পালনের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয় কর্নারে। শিক্ষার্থীরা দুপুর ৩টার আগে থেকেই কুয়েট কর্নারে ভিড় করতে থাকেন ছবি দেখার জন্য।

জানা যায়, ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরের পর থেকে কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন বলে দাবি করেন তারা। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি বন্ধ, উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণবিষয়ক পরিচালকের পদত্যাগ, জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা, আইনের মাধ্যমে জড়িতদের সাজা নিশ্চিত এবং প্রশাসনের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনাসহ ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর গত বুধবার সিন্ডিকেটের জরুরি সভার মাধ্যমে শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। এছাড়া স্থানীয় থানায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সব অ্যাকাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে দেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা জানান, তাদের ৬ দফা দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত