মার্চে আবারও বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

সারের হয়ে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। পরবর্তীতে ভারতের চেন্নাইয়েও ব্যর্থ হন এই অলরাউন্ডার। এবার তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন বৈধ করার পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব, যা অনুষ্ঠিত হবে আগামী মার্চে ইংল্যান্ডে। 

২০২৪ সালে পাকিস্তান সফর শেষে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে ম্যাচে ১৯৩ রানে ৯ উইকেট নিয়ে আলো ছড়ালেও ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং বৈধতার পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয়। 

ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে পরীক্ষায় ব্যর্থ হন সাকিব। এরপর চেন্নাইয়ের শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সেও পাস করতে পারেননি। ফলে ইসিবির নিষেধাজ্ঞা বহাল থাকে। এখন বোলিং অ্যাকশন সংশোধনে ইংল্যান্ডের এক কোচের সঙ্গে কাজ করছেন তিনি। কোচের অনুমতি পেলেই মার্চে পরীক্ষা দেবেন সাকিব। 

লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘সাকিব রমজানের সময় ইংল্যান্ডে যাবে। তার কোচ অনুমতি দিলে আবার পরীক্ষা দেবে। পাস করলে বাংলাদেশে খেলতে পারবে।’ 

বোলিং নিষেধাজ্ঞার কারণে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। তবে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে। ইতোমধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত