কক্সবাজারে বিমান বাহিনী সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

কক্সবাজারে বিমান বাহিনীর অধিগ্রহণ করা জায়গায় স্থানীয়দের দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত ও অন্তত দশজন আহত হয়েছে। সোমবার কক্সবাজার শহরের ১নং ওয়ার্ড এ ঘটনা ঘটে। বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।  আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা যায়, কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির জন্য পৌরসভার ১ নং ওযার্ডের সরকারি খাস জমি অধিগ্রহণ করে বিমান বাহিনী। সেই লক্ষ্যে ১৫ বছর আগে প্রায় সাড়ে ৪ হাজার পরিবারের পুর্নবাসনের তালিকা তৈরি করা হয়। এরইমধ্যে প্রায় দেড় হাজারকে পরিবার সদর উপজেলার খুরুশকুলের আশ্রয়ন প্রকল্পে ফ্ল্যাট হস্তান্তর করেছে বাহিনী। কিন্তু ৫ আগস্টের পর ১ নং ওয়ার্ডে বসবাসকারী প্রায় ৩০ হাজার লোক বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন। তারা ১নং ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাসের দাবি তুলে মানববন্ধনসহ প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেন। 

উচ্ছেদরোধে কুতুবদিপাড়ার সাবের হোসেনের ছেলে জাহেদুল ইসলাম, দিদারুল ইসলাম রুবেল, সমিতিপাড়ার সাইফুল ইসলাম, মোস্তফাসহ আরো কয়েকজন নেতৃত্ব দেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিমান বাহিনী একটি ঘর উচ্ছেদ করতে গেলে জাহেদুল ইসলামের নেতৃত্বে এলাকার লোকজন বাঁধা দেন। এরই জের ধরে সোমবার সকাল ১১ টায় জাহেদ শহরে আসার পথে তাকে চেকপোস্টে আটক করে বিমান বাহিনী। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসার চেষ্টা করলে বিমান বাহিনীর সাথে সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার লোকজনের কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে উত্তেজিত জনতা ইট পাটকেল ছোড়া শুরু করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বিমান বাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ ঘটনায় শহরের বাহারছাড়ার পিটিআই স্কুলের সাবেক সুপার নাসির উদ্দিনের ছেলে শিহাব কবির নাহিদ নিহত হন। এ ছাড়া ওই সময়ে আরো ১০ জন গুলিবিদ্ধ হন। যাদের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে কুতুবদিয়া পাড়ার বাসিন্দা যুবদল নেতা দিদারুল ইসলাম রুবেল দাবি করেন, তাদের জান গেলেও বাপ-দাদার ভিটেমাটি ছাড়বেন না।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, গুলিবিদ্ধ একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। বর্তমানে ১ নং ওয়ার্ডে পরিস্থিতি স্বাভাবিক। সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত