চুরি, ডাকাতি, ছিনতাই রোধে শুরু হওয়া অভিযান পরিচালনার সময় কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতির অভিযোগ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।
সোমবার থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সফলতা-ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। এ অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব।
তিনি বলেন, পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। ঠিক মতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।
তিনি আরও বলেন, আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্য সংবাদটা পরিবেশন করেন। দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। দুই এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন
আজ ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় 