ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র্যাব-৬। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহ শহর ও গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে আবু সাঈদ ও আনারুল ইসলামকে আটক করা হয়।
ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন
র্যাব জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের করা হলে রাতে অভিযান শুরু করে র্যাব। রাতেই ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।
গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠায় হত্যাকারীরা। এ ঘটনায় রোববার নিহত হানিফের ভাই সাজেদুল ইসলাম এশা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করে।
উল্লেখ্য চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধ লাল পতাকার আঞ্চলিক প্রধান ও মৎস্যজীবী লীগ নেতা হানেফ উদ্দিন ওরফে হানেফ মন্ডল, তার শ্যালক লিটন মিয়া ও হানেফের দেহরক্ষী রাইসুল ইসলামকে শুক্রবার রাতে শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ত্রিবেনী শ্মশান খাল এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর কালু গ্রুপের প্রধান কমরেড কালু হোয়াটসআপে সাংবাদিকদের মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার দায় স্বীকার করেন।
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা