উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহতরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা মিছিল নিয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়কে বসে পড়েন তারা। এসময় উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।
সরেজমিনে দেখা গেছে, আহতরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনের সড়কে বসে আছেন। তাদের পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘিরে দাঁড়িয়ে আছেন।
এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ, উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন।
অবস্থানরত আহতরা বলেন, ‘আমাদের দাবি দুটো। এ ক্যাটাগারি ও বি ক্যাটাগরি। এই বাইরে কোনো কথা নেই। আমরা চাই-সকল আহত যোদ্ধা সমানভাবে সুযোগ-সুবিধা পাক। যাদের অঙ্গহানি হয়েছে, একটা পা ও চোখ চলে গেছে তারা আজীবন কর্মসংস্থানে ফিরতে পারবে না। তারা এ ক্যাটাগরিতে আসুক। যারা বর্তমানে চিকিৎসাধীন আছে, সামনে চিকিৎসায় সুস্থ হবেন এবং বর্তমানে সুস্থ আছেন তাদের বি ক্যাটাগরিতে আনা হোক।’
