নারায়ণগঞ্জ

স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ফতুল্লার লামাপাড়া এলাকার মনিরের ছেলে নাজমুল (২৫) এবং একই এলাকার রনি (২৫)।

মামলায় ভুক্তভোগী ওই নারী উল্লেখ করেন, প্রেমের সম্পর্ক থেকে গত ১০ জানুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিষয়টি তাদের অভিভাবকরা মেনে না নেওয়ায় এবং পারিবারিক চাপ থাকার কারণে তারা ভিন্ন বাসায় ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে তার স্বামী তার সঙ্গে দেখা করতে আসলে নাজমুল ও তার বন্ধু রনি দলবল নিয়ে তার স্বামীকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে গলায় ছুরি ধরে মারধর করে নির্যাতনের ভিডিও করেন। সেই ভিডিও তাকে দেখিয়ে নাজমুল ও রনি পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় তাদের কাছে থাকা দুটি মোবাইল ও নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায় এবং এ বিষয়ে কাউকে কিছু বললে তার স্বামীকে খুন করবে বলে হুমকি প্রদান করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত