খনিজ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সমঝোতা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খনিজ চুক্তির শর্তগুলোয় সম্মত হয়েছে ইউক্রেন। এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি নিয়ে চুক্তি স্বাক্ষর করতে পারে দুই দেশ। খসড়া চুক্তির শর্তাবলির বিষয়ে জ্ঞাত দুই কর্মকর্তার বরাত দিয়ে বুধবার রয়টার্স জানায়, গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে দেশ দুটির সমাঝোতার পথ সুগম হয়েছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে চাইছেন ট্রাম্প। এই চুক্তিকে ইউক্রেনে রাশিয়ার তিন বছরের যুদ্ধ অবসানের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তিটির খসড়ায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা বা যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যের উল্লেখ নেই বলে জানিয়েছে কিয়েভের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সেখানে শুধু বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন হবে মুক্ত, সার্বভৌম ও নিরাপদ।

নাম প্রকাশে অনিচ্ছুক কিয়েভের ওই কর্মকর্তা বলেন, আমরা বেশ কয়েকটি সংশোধনীর মধ্য দিয়ে চুক্তির শর্তে একমত হয়েছি। তবে চুক্তিটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা। আগামী শুক্রবার ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে জেলেনস্কির। সে দিনই ট্রাম্পের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তিটি স্বাক্ষর করতে পারেন তিনি। বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের ৫ শতাংশই রয়েছে ইউক্রেনে। এর মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ৯০ লাখ টন গ্রাফাইটের মজুত, যা খনিজ সরবরাহে ইউক্রেনকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটিতে পরিণত করেছে। ইউরোপের মোট লিথিয়াম ভা-ারের এক তৃতীয়াংশই রয়েছে ইউক্রেনে। বর্তমানে ব্যাটারি তৈরির মূল উপাদান লিথিয়াম। এদিকে যুদ্ধ শুরুর আগে মোট বৈশ্বিক টাইটানিয়াম উৎপাদনের ৭ শতাংশ ইউক্রেন থেকে আসত। উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎকেন্দ্র, সবকিছুতে ব্যবহৃত হয় এই বিরল ধাতু। এদিকে ইউক্রেন থেকে ১৬ শিশুকে রাশিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা করছে ক্রেমলিন। পাশাপাশি ইউক্রেনীয় আত্মীয়দের সঙ্গে ১০ শিশুর পুনর্মিলনের পদক্ষেপও নেওয়া হচ্ছে। বুধবার রুশ বার্তা সংস্থা আরআইএ রুশ প্রেসিডেনশিয়াল কমিশনার ফর চিল্ডরেন্স রাইটসের বরাতে এই তথ্য জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত