জিতবে কে বৃষ্টি, বাংলাদেশ না পাকিস্তান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ এএম

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সাধারণত এমন ম্যাচের আগের অবস্থা হওয়ার কথা ছিল উত্তেজনার। পয়েন্ট টেবিলের নানা সমীকরণ, নেট রান রেটের মারপ্যাঁচ, তারকাদের পরস্পর মুখোমুখি হওয়া নিয়ে আলোচনা, বদলা বা প্রতিশোধের ছক কষাকষি এসব নিয়েই ব্যস্ত থাকার কথা। কিন্তু ‘এ’ গ্রুপের এই ম্যাচটি ঘিরে নেই সে সবের কিছুই। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে আসর শেষ হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তান দুদলের জন্যই। দুদলের নিজেদের মধ্যে মুখোমুখি হওয়াটা তাই স্রেফ আনুষ্ঠানিকতা। নি®প্রাণ এই ম্যাচটি তাই দুদলের কাছেই খানিক ‘গৌরব’ অর্জনের প্রচেষ্টার শামিল। সেটিও সম্ভব হবে যদি প্রকৃতি দয়া দেখায়। কেননা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারা দিনই রাওয়ালপিন্ডির আকাশ থাকার কথা নাওমি ক্যাম্পবেলের গাত্রবর্ণের মতো।

আনুষ্ঠানিকতা হলেও পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদের কাছে এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই কথাই বলেছেন পাকিস্তানের কোচ। তিনি বলেন, ‘দেখুন, এটা বিশ্বকাপ নয়, এটা চ্যাম্পিয়নস ট্রফি। এখানে প্রাক-বাছাই বলে কিছু নেই, শীর্ষ আটটি দল এখানে খেলছে। কালকের ম্যাচও যে কোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। কালকের দিনটিও খুব গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা কঠোর পরিশ্রম করব, কালকের ম্যাচে তাকাব এবং সামনে এগিয়ে যাব।’

সবশেষ পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ জয়ে বল হাতে অবদান রেখেছিলেন নাহিদ রানা, হাসান মাহমুদরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে নাহিদ, তাসকিনরা বাংলাদেশকে জিতিয়েছিলেন। দুই সিরিজেই পেসারদের বোলিং দেখেছেন আকিব। বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে আনন্দিত তিনি। সেই সঙ্গে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ প্রশংসা করেছেন নাহিদ, তাসকিন ও মোস্তাফিজের। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আকিব বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলিং আমি দেখেছি। ওয়েস্ট ইন্ডিজেও তারা যেভাবে বোলিং করেছে তাতেই বোঝা যায় তারা খুব স্কিলফুল। বিশেষ করে নাহিদ রানা, তার উচ্চতা আছে, গতি আছে। তাসকিন খুবই স্কিলফুল বোলার। আরেকজন হচ্ছে মোস্তাফিজ। সে খুবই অভিজ্ঞ। তার ভ্যারিয়েশন অনেক। আমি আনন্দিত কেননা বাংলাদেশের ফাস্ট বোলাররাও এগিয়ে আসছে।’

শেষ ম্যাচের আগে শেষ অনুশীলনটুকুর সুযোগ থেকেও বঞ্চিত হতে হয়েছে শান্ত-মিরাজদের। রাওয়ালপিন্ডির বৃষ্টিতে অগত্যা অনুশীলন বাতিল করতে হয় বাংলাদেশকে। তাই যেটুকু সম্বল তাই নিয়েই এ ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের ক্রিকেটে আইসিসি ইভেন্টে পঞ্চপাণ্ডব অধ্যায়ের ইতিরেখা আসতে যাচ্ছে এই ম্যাচ দিয়ে। ওই পাঁচের শেষ দুই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের আইসিসি ইভেন্টে বাংলাদেশের জার্সিতে শেষ ম্যাচ হতে যাচ্ছে আজ। তাদের অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গুঞ্জন যেহেতু আপনারা শুনেছেন ফলাফলটা আপনারাই দিয়ে দেন। আমরা তো কোনো কিছু শুনিনি। তাই এখান থেকে কিছু বলতে পারব না।’ দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন, ‘আমি অতীত নিয়ে পড়ে থাকি না। আমাদের স্কোয়াডে ১৫ জন ক্রিকেটার আছে, তাদের নিয়ে ভাবতে হবে। আমাদের কাছে যা নেই তা নিয়ে এখানে কিছুই করতে পারব না। টুর্নামেন্ট শেষে আমরা এটা নিয়ে ভাবব। আমরা যাদের স্কোয়াডে পেয়েছি তারাই আমাদের সেরা ক্রিকেটার।’

তবে দুই কোচের প্রত্যাশা কতখানি পূরণ হবে তা নিয়ে রয়েছে সংশয়। কেননা রাওয়ালপিন্ডির আবহাওয়া বলছে, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হতে পারে এশিয়ার এ দুই দলের চ্যাম্পিয়নস ট্রফির পথচলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত