ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি—বিশ্ব ফুটবলের এই দুই কিংবদন্তী শুধু তাদের খেলার জন্যই নয়, জীবনযাত্রার কারণেও ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, ক্রিকেটের বিশ্বে এমনই একজন ‘কমপ্লিজ প্যাকেজ’ বিরাট কোহলি।
কদিন আগে বিরাট কোহলি চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে দেন। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।
এমন পারফরম্যান্সের পরই মোহাম্মদ আমির প্রশংসায় ভাসিয়েছেন কোহলিকে। এক টিভি টক শোতে সাবেক পাকিস্তান পেসার বলেন, ''কেন মানুষ রোনালদোকে ভালোবাসে? কেন মেসির প্রতি এত ভালোবাসা? বিশেষ করে রোনালদোর কথা বললে, তার জীবনযাত্রা দেখুন, তার দানশীলতা, তার কর্মনীতি এবং ফিটনেস—সবকিছু মিলিয়ে তিনি একটি সম্পূর্ণ প্যাকেজ। একইভাবে, বিরাট কোহলিও একটি কমপ্লিট প্যাকেজ।"
পাকিস্তানি হয়েও কেন কোহলির এত ভক্ত, তার ব্যাখ্যাও দিয়েছেন আমির। তিনি বলেন, ''একজন আদর্শ খেলোয়াড় যে কোনো দেশ থেকে হতে পারেন—আফগানিস্তান, পাকিস্তান, ভারত বা ইংল্যান্ড, দেশ কোনো বাধা নয়। কোহলি তার নিবেদন ও পরিশ্রম দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেন।"
বয়স ৩৬ ছুঁয়েছে, তবুও কোহলির ফিটনেস ও কর্মনিষ্ঠা অটুট। মোহাম্মদ আমির বলেন, "বিরাট কোহলি এমন একজন খেলোয়াড় যার জন্য বয়স কোনো বাধা নয়। তার ফর্ম যেমনই থাকুক, তার পরিশ্রমে কোনো পরিবর্তন আসে না। ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিনও তিনি ৯০ মিনিট আগে অনুশীলনে চলে এসেছিলেন।"
বর্তমান আইসিসি টুর্নামেন্টে কোহলির পারফরম্যান্সও অসাধারণ। এখন পর্যন্ত তিনি ৯৩ গড়ে ৬৫১ রান করেছেন, যা তাকে আরও একবার বিশ্বমঞ্চে অনন্য করে তুলেছে। আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ গ্রুপ ম্যাচে ফের মাঠে নামবেন তিনি।
তলানীতে নামা পাকিস্তানের 'পেশাদারিত্ব ও সচেতনতা' বাড়ানোর তাগিদ রিজওয়ানের
ভারত-নিউজিল্যান্ডকে 'দীর্ঘক্ষণ আটকে রাখাতেই' তৃপ্তি শান্তর