বেবিচক চেয়ারম্যান

তথ্যের অবাধ প্রবাহ প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি করে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের উদ্যোগে ‘তথ্য অধিকার আইন, প্রবিধানমালা ও স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। প্রশিক্ষণে বেবিচকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি বলেন, তথ্য অধিকার হলো জনগণের সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য জানার আইনি অধিকার। এটি গণতন্ত্র, স্বচ্ছতা, এবং জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তথ্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে সাধারণ জনগণ সরকারি কার্যক্রম সম্পর্কে জানতে পারে, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, তথ্যের অবাধ প্রবাহ প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি করে, সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্বপ্রণোদিত তথ্য প্রকাশের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারব বলে আমি আশাবাদী।

এ ছাড়া তিনি জানান, বিভিন্ন স্তরের মানুষ Civil Aviation Authority of Bangladesh-এর কাছে সরকার কর্তৃক নির্ধারিত ফর্মের মাধ্যমে নিয়মিতভাবে তথ্য চেয়ে থাকেন এবং বেবিচক যথাযথ আইন অনুযায়ী সেসব তথ্য সরবরাহ করে থাকে।

প্রশিক্ষণ কর্মশালায় তথ্য অধিকার আইন ও এর বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান তাদের দাপ্তরিক কার্যক্রমে প্রয়োগের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে বলে আশা করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত