তুরস্কের ফুটবলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না হোসে মরিনহোর। রেফারিদের বিরুদ্ধে অপমানজনক ও আক্রমণাত্মক মন্তব্য করায় চার ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে ফেনারবাচের পর্তুগিজ কোচকে। তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে দেশটির ফুটবল অঙ্গনে।
তুরস্কের ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মরিনহোকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ১৬ লাখ ১৭ হাজার লিরা (প্রায় ৫৩ লাখ ৪০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, মরিনহোর মন্তব্য তুর্কি রেফারিদের প্রতি অবমাননাকর এবং তা খেলাধুলার নৈতিকতা ভঙ্গ করেছে। তার বক্তব্য সহিংসতা ও বিশৃঙ্খলা উসকে দিতে পারে এবং সমর্থকদের উত্তেজিত করে তুলতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।
গত সোমবার গালাতাসারাই ও ফেনারবাচের ম্যাচ ০-০ গোলে ড্র হয়। দুই ক্লাবের অনুরোধে ম্যাচটি পরিচালনা করেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনহো জানান, তিনি রেফারিদের ড্রেসিং রুমে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন।
তিনি বলেন, ‘মূল রেফারিকে আমি ধন্যবাদ জানিয়েছি। কারণ তিনি বড় ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এরপর চতুর্থ রেফারির দিকে ফিরে বলেছি, এই ম্যাচে আপনি রেফারি থাকলে বিপর্যয় হয়ে যেত। আমি আসলে (তুরস্কের) সবাইকেই বুঝিয়েছি, তাদের সহজাত প্রবণতা।’
সবচেয়ে বিতর্কিত মন্তব্য আসে এরপরই। ম্যাচের শুরুর দিকে ফেনারবাচের ডিফেন্ডার ইউসুফ আকচিচেকের একটি ট্যাকলের পর গালাতাসারাইয়ের বেঞ্চ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। সেই প্রসঙ্গে মরিনহো বলেন, ‘এই ঘটনায় তুর্কি রেফারি থাকলে প্রথম মিনিটেই আমাদের ফুটবলার হলুদ কার্ড পেয়ে যেত। কারণ, গালাতাসারাইয়ের বেঞ্চের ফুটবলাররা যেভাবে বানরের মতো লাফালাফি করছিল।’
এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানায় গালাতাসারাই ক্লাব। তারা মরিনহোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।
ফেনারবাচে অবশ্য কোচের পাশে দাঁড়িয়েছে। তাদের দাবি, মরিনহোর বক্তব্য বিকৃত করা হয়েছে এবং ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ক্লাবটি পাল্টা ঘোষণা দিয়েছে, ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে তারাও আইনি ব্যবস্থা নেবে।
এ নিয়ে অবশ্য মরিনহোর আগেও শাস্তি হয়েছে। তুরস্কের রেফারিদের নিয়ে আপত্তিজনক মন্তব্যের কারণে আগেও একবার জরিমানা করা হয়েছিল তাকে। নতুন শাস্তির ফলে মাঠের বাইরে আরও কিছুদিন থাকতে হবে ৬২ বছর বয়সী এই পর্তুগিজ কোচকে।
পিসিবির জন্য ‘বিদেশি চেয়ারম্যান’ চান হাফিজ
চ্যাম্পিয়নস ট্রফিতে দর্শকদের বিনামূল্যে ইফতার দেবে ইসিবি
ম্যাক্সওয়েলকে নিয়ে আর দুঃস্বপ্ন দেখে না আফগানিস্তান
ভারত বাড়তি সুবিধা পাওয়ায় দক্ষিণ আফ্রিকা দলে অসন্তোষ