শরীয়তপুরে সিএনজি উল্টে কিশোরের মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

শরীয়তপুরের জাজিরায় সিএনজি উল্টে গৌতম হাওলাদার (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার মনিরুদ্দিন সরদার কান্দি এলাকায় জাজিরা-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌতম হাওলাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সন্তোষপুর গ্রামের সঞ্জয় হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৌতম শরীয়তপুরের নড়িয়ায় তার ফুফুর বাড়িতে সিএনজিযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে জাজিরা উপজেলার মনিরুদ্দিন সরদার কান্দি এলাকায় পৌঁছলে সিএনজির চাকা পাংচার হয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা অন্য যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও গৌতম সিএনজির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সিএনজির চাকা পাংচার হওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গৌতম গুরুতর আহত হন, পরে হাসপাতালে নিলে তিনি মারা যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত