টেকনাফে অপহৃত যুবককে উদ্ধার করল নৌবাহিনী

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:৩৮ এএম

টেকনাফে অভিযান চালিয়ে অপহরণের শিকার সাব্বির আহম্মদ নামের এক যুবককে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শুক্রবার বিকেলে ৩টার দিকে টেকনাফ পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডস্থ বড় হাবির পাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের ২ নারী সদস্যকে আটক করা হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে একদল অপহরণকারী সাব্বিরকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল তাকে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে গতকাল শুক্রবার আনুমানিক বিকেল ৩টার দিকে হাবির পাড়া এলাকার একটি বাড়ি থেকে সাব্বিরকে উদ্ধার করা হয়।

এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে হালিমা খাতুন ও মুন্নি আক্তারকে আটক করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীকালে উদ্ধারকৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে আটক ব্যক্তিদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত