বেবিচক চেয়ারম্যান

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব কারার কাজ চলছে

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৬:১০ পিএম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

আজ শনিবার যশোরে আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং সৈয়দপুরসহ অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এভিয়েশন খাতের এ উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করবে। একই সঙ্গে বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে। এটি দেশের সার্বিক এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (এটিএম), সদস্য (অর্থ), সদস্য (এফএসআর), আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, আদ-দ্বীন ফাউন্ডেশনের ইউরোলজি অ্যান্ড অ্যাডভাইসরের হেড, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান, যশোরের ডিসি, ঢাকা কাস্টমস হাউজের কমিশনার, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরটির নির্বাহী ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য অতিথিবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত