প্রথম তারাবিতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৯:৫১ পিএম

তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো এবারের পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। রবিবার (২ মার্চ) থেকে সিয়াম (রোজা) পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি এ নামাজে এসেছে শিশুরাও।

শনিবার (১ মার্চ) রাতে প্রথম রোজার তারাবির নামাজ আদায় করার জন্য রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিরা জমায়েত হন।

এশার নামাজের আগেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে শুরু করেন। জায়নামাজ ও তসবিহ হাতে মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে নামাজের জন্য অপেক্ষা করেন। মসজিদের প্রবেশমুখে দেখা গেছে অস্থায়ী আতর ও টুপির দোকান, যেখানে নামাজে অংশ নিতে আসা অনেকে আতর কিনছেন ও পরিচিতদের দিচ্ছেন।

শুধু বায়তুল মোকাররম নয়, রাজধানীর অন্যান্য মসজিদেও তারাবির নামাজে ছিল বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি। জায়গা না পেয়ে অনেকে মসজিদের বাইরে চট বিছিয়ে নামাজ আদায় করেন।

বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা আবদুল্লাহ বুখারী বলেন, আমার বাসা কাঁটাবন। কিন্তু আমি প্রতিবছর প্রথম তারাবি বায়তুল মোকাররমেই আদায় করি। এখানে নামাজ পড়ার শান্তিটাই আলাদা।

সেগুনবাগিচা থেকে তারাবির নামাজ আদায় করতে আসা নাজমুস সাকিব বলেন, আমি রমজান জুড়েই এই মসজিদে সালাত আদায় করি। অনেক মানুষের সঙ্গে একত্রে সালাত আদায় করার মধ্যে অন্যরকম শান্তি আছে।

রমজানের চাঁদ দেখা নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২ মার্চ রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ২৬ রমজান (২৭ মার্চ) পবিত্র শবে কদর পালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত