বাংলাদেশে এক হাজার কেয়ারগিভারের জন্য প্রশিক্ষণ ও সনদ দিতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে ইউসেপ বাংলাদেশ ও মেটলাইফ ফাউন্ডেশন। দেশের তরুণ জনগোষ্ঠীসহ সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তি ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক বাজারে কেয়ারগিভার হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে ‘আপনজন’ নামের এই উদ্যোগ।
বার্ধক্য, অসুস্থতা, আঘাত বা কোনো প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিকে স্বল্প ও দীর্ঘমেয়াদে সহযোগিতা করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেয়ারগিভাররা। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭৩ বছর অতিক্রম করেছে, যার ফলে বৃদ্ধ বা অসুস্থ জনগোষ্ঠীর যতœ ও পরিচর্চার জন্য দক্ষ কেয়ারগিভারদের বিপুল চাহিদা তৈরি হচ্ছে।
‘আপনজন’ উদ্যোগের মাধ্যমে কেয়ারগিভাররা বাংলাদেশ সরকারের আওতাধীন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) কর্তৃক ইস্যুকৃত পেশাদার সনদ অর্জন করবেন। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে এই সনদের স্বীকৃতি রয়েছে, ফলে এখন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ারগিভাররা হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পরিচর্যাকারী হিসেবে কাজ করতে পারবেন। পাশাপাশি, কেয়ারগিভাররা বৈশ্বিক চাহিদা পূরণের মাধ্যমে দেশে প্রবাসী আয় আনার ব্যাপক সুযোগ তৈরি করতে পারবেন।
এ বিষয়ে ইউসেপ বোর্ড অব গভর্নরসের তৎকালীন চেয়ারপারসন ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘ইউসেপ সবসময় সুবিধাবঞ্চিত মানুষের সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে। বয়স্ক জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার প্রয়োজন বৃদ্ধির চাহিদা মেটাতে কেয়ারগিভার খাতটির পরিধি বাড়াতে হলে আমাদের দক্ষ জনশক্তির চাহিদা পূরণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।’
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘কার্যকরভাবে বাংলাদেশের সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে এমন উদ্যোগ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ বিজ্ঞপ্তি
