বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে : সালাহউদ্দিন

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৭:৩৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির ‘সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। আমি সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে, গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এ রকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়। কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আমি নতুন বন্ধুদের বলতে চাই, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিকের রিটারেল মানে কী? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন। তাদের একটা নমিন্যাল অথবা ইলেক্টেড হেড দ্য স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই?’

গতকাল শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের (এনআরএফ)’ উদ্যোগে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা এবং সৈয়দ আবদাল আহমেদ সম্পাদিত ‘নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সালাহউদ্দিন এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে? যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্রব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্য নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।’ তিনি বলেন, ‘যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, আমি সব সময় শুনি মাঠে-ঘাটে বিফর দ্য পার্লামেন্ট ইলেকশন তাদের একটি মতলব আছে। কারণ ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান কি মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশের পৌরসভা, উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি ৫ আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলেছে। একটা বিষয় আছে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায়, ততই বোধহয় তাদের লাভ। কারও ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারও কারও মনোবাসনা পূর্ণ হবে।’

সালাহউদ্দিন বলেন, ‘পরিষ্কার শুনে রাখুন, প্রধান উপদেষ্টা আপনাকে শিগগিরই জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। যদি আপনি কোনো বাহানায় এ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদের আবার নির্ধারণ করতে হবে। আমরা কোন প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোব।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন সংবিধানের জন্য আপনারা (এনসিপি) কথা বলছেন, নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারা তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার বর্তমান জন-আকাক্সক্ষা এবং ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা ও গণ-আকাক্সক্ষা নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সেই আকাক্সক্ষাকে ঊর্ধ্বে তুলে ধরে তাদের প্রত্যাশাকে তুলে ধরে, আমাদের সেই সংশোধনীগুলো সাজিয়েছি। নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের যে তরুণদের চাহিদা, সেটা সামনে রেখে, গুরুত্ব দিয়ে, সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন, ঠিক আছে। কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না।’

তিনি আরও বলেন, ‘গণপরিষদের ইংরেজি হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আগের যেটা মানুষ বলতে এমসিএ (মেম্বার অব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি) এটা অলওয়েজ ফর ইনসেপশন অব এ অ্যানি ইনডিপেন্ডেন্ট কান্ট্রি। যে সময় দেশে কোনো সংবিধান রচিত থাকে না, সংবিধান হাতে থাকে না। মানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তখন গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন। যে সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয়। আমরা কি নতুনভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। রাষ্ট্র তো স্বাধীন আছে। আমরা একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। যেভাবেই হোক আমাদের একটা সংবিধান আছে। যে সংবিধানটাকে এখনো পুরোপুরি ওন করি না বলে ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। যে সংবিধানকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন, সেজন্য সেটার সংস্কার দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত