বেতিসের মাঠে যেন খেলাটাই ভুলে গেল রিয়াল মাদ্রিদ!

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১০:০৩ এএম

এই রিয়াল মাদ্রিদ রীতিমতো অচেনা। হুট করেই যেন কী হয়ে গেল দুর্দান্ত ছন্দে থাকা দলটির। রিয়াল বেতিসের মাঠে এগিয়ে গিয়েও তারা খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত  হারতে হয় ২-১ গোলের ব্যবধানে। অনেক ঘুরে দাঁড়ানোর গল্প লেখা রিয়াল এদিন তেমন কিছুই করতে পারেনি! উল্টো লা লিগায় চতুর্থ হারের পর বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে গেল আনচেলত্তির দল।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পের দারুণ এক পাস থেকে বল বাড়ান ফারলাঁ মেন্দি, তার থেকে বল পেয়ে প্রথম ছোঁয়ায় জালে পাঠিয়ে দেন মারিয়ানো দিয়াস। অবশ্য সমতায় ফিরতে বেশি সময় লাগেনি গত দুই রাউন্ডে রিয়াল সোসিয়েদাদ ও গেতাফেকে হারানো বেতিস। ৩৪তম মিনিটে ইসকোর কর্নার থেকে জোরাল হেডে সমতা টানেন জনি কারদোসো।

বিরতির পরও বেতিস আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়েছে। অন্যদিকে ঝিমিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ৫৩তম মিনিটে বক্সের ভেতর জেসুস রদ্রিগেজকে আন্টোনিও রুডিগার ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দারুণ স্পট কিকে গোলটি করেন ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত রিয়ালে খেলা ইসকো। ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে বেতিস। আর ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত