নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ‘সিভিল ফেস্ট ২০২৫’।
ফ্ল্যাশ মব ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। যেখানে উপস্থিত ছিলেন এনএসইউ’র কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। প্রথম দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘মেকানিক্স ম্যানিয়া’, যেখানে কুয়েট, এমআইএসটি, ইউএপি, ইউআইটিএস, ডিআইইউ, বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
আরেকটি জনপ্রিয় প্রতিযোগিতা ছিল ‘বাজার মাস্টার’, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের দ্রুত চিন্তাশক্তি ও জ্ঞান প্রদর্শনের সুযোগ পায়। প্রাথমিক পর্ব শেষে শীর্ষ ১২ প্রতিযোগী ফাইনাল বাজার রাউন্ডে উত্তীর্ণ হয়ে জমজমাট এক প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। একইভাবে, "ব্যাটল অব ব্রেইনস" প্রতিযোগিতায় রাজউক উত্তরা মডেল কলেজ, প্লেপেন, ঢাকা ইম্পেরিয়াল কলেজ সহ অন্যান্য স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মেধার লড়াইয়ে অংশ নেয়।
দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে ছিল পোস্টার ও প্রকল্প উপস্থাপনা। সকালে বিএসআরএম আয়োজিত সেমিনারে বিভাগের ১২ বছরের পথচলার ওপর ভিত্তি করে প্রকাশিত স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয়। এতে বিভাগের সাফল্য ও অর্জনগুলো তুলে ধরা হয়।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামীম উজ জামান বসুনিয়া এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। এসময় বিজয়ীদের হাতে তাদের পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
দিনের শেষ অংশে ‘Curing’ শিরোনামে একটি নাটক মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এরপর সংগীতশিল্পী মিনার রহমানের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সিভিল ফেস্টের সমাপ্তি হয়।
