বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা পাকিস্তানের

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট দল আগামী মে মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে, যা দুই দেশের ক্রিকেট বোর্ডের সুসম্পর্কের প্রতিফলন বলে জানিয়েছেন পিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস পরিচালক সামি উল হাসান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামি বলেন, ‘পিসিবি ও বিসিবির সম্পর্ক অত্যন্ত ভালো। এটি নতুন কিছু নয়, বরং দীর্ঘদিন ধরেই বিদ্যমান এবং সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশ শিগগিরই পাকিস্তান সফর করবে এবং পাকিস্তানও বাংলাদেশ সফর করবে। দ্বিপাক্ষিক সিরিজ অব্যাহত থাকবে এবং সুযোগ পেলেই উভয় বোর্ডের সম্মতিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হবে।’ 

বাংলাদেশের নির্ধারিত পাকিস্তান সফর ছাড়াও বিসিবি পাকিস্তানকে আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানাতে চায়। প্রস্তাবিত এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে উভয় বোর্ডই সিরিজটি আয়োজনের বিষয়ে আশাবাদী। 

দ্বিপাক্ষিক সিরিজের বাইরেও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও গভীর হয়েছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের মাধ্যমে। পিসিবির এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বেশ জনপ্রিয়। রানা দলে জায়গা পেয়েছেন, এবং সবাই তাকে দেখার অপেক্ষায় আছে। এর আগে সাকিব, তামিম, মাহমুদউল্লাহসহ অনেক বাংলাদেশি খেলোয়াড় এখানে খেলেছেন এবং ভালো পারফর্ম করেছেন। ভবিষ্যতেও এ সুযোগ অব্যাহত থাকবে, যেমনটি আমাদের ক্রিকেটাররা বিপিএলে অংশ নেয়।’ 

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকে পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখছে পিসিবি। সামি উল হাসান বলেন, ‘যেখানে আইসিসির ইভেন্ট হয়, সেটি ভবিষ্যতের জন্য একটি বড় বিনিয়োগ। ২৯ বছর পর পাকিস্তানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করেছি।’ 

তিনি আরও বলেন, ‘এই টুর্নামেন্টের সফল আয়োজন আমাদের জন্য আরও আইসিসি ইভেন্ট আয়োজনের পথ সুগম করবে। আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করলে রাজস্ব আয় বাড়ে, তরুণ প্রজন্ম আধুনিক ক্রিকেটারদের কাছ থেকে অনুপ্রাণিত হয় এবং আমাদের বোর্ডের কর্মীরাও তাদের পেশাদার দক্ষতা উন্নত করার সুযোগ পান।’ 

পিসিবির এই কর্মকর্তা আশা প্রকাশ করে বলেন, ‘টুর্নামেন্ট শেষ হলে আমাদের আয়োজন, আতিথেয়তা ও ভেন্যু পরিচালনা নিয়ে সবাই ইতিবাচক মন্তব্য করবেন। এর মাধ্যমে ভবিষ্যতে আরও আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেতে সহায়ক হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত