মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলক ইএফডি বসবে

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০১:১৯ এএম

দেশের সব মহাসড়কে অবস্থিত ভ্যাটযোগ্য হোটেল রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সারা দেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল রেস্তোরাঁয় ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় রাষ্ট্রীয় কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না মর্মে সচেতন ভোক্তারা অনবরত অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা জমা দেন না।

যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দেশের মহাসড়কে অবস্থিত সব হোটেল ও রেস্তোরাঁয় ইএফডি বা এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা দেন। সেই পরিপ্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারিকৃত পত্রে মাঠ পর্যায়ের সব কমিশনারকে দেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইএফডি অথবা এসডিসি মেশিন স্থাপন করে প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়। জেনেক্স আইটি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে যৌথভাবে গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও এর সার্বিক পরিচালনার মাধ্যমে ওঠঅঝ সিস্টেমে সব লেনদেনের তথ্য সন্নিবেশের কাজ করছে।

দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সে লক্ষ্যে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিতকরণ ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দিয়েছে। এনবিআর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা নিয়েছে।

ভোক্তাদের মহাসড়কের সব রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের জন্য এনবিআর অনুরোধ জানিয়েছে। ভ্যাট চালান গ্রহণ না করলে ক্রেতারা যে ভ্যাট পরিশোধ করেছেন তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে না। ভ্যাট পরিশোধকারীদের প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রসিদগুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ভ্যাটদাতাদের শতাধিক পুরস্কার দেবে।

সঠিকভাবে রাজস্ব আদায়ের স্বার্থে সর্বস্তরের অংশীজন, ব্যবসায়ী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সবাইকে সহযোগিতা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত