শুরুতেই তামিম বনাম তামিম

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৪:১৯ এএম

অবশেষে আজ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনকে কেন্দ্র করে ক্লাবকর্তারা বেঁকে বসেছিলেন লিগে অংশ নিতে, পরে অবশ্য বিসিবি সভাপতি তাদের দাবি মেনে নিলে কাটে অচলাবস্থা। অবশ্য পুরোপুরি কেটেছে এমনটাও বলা যায় না। রাজনৈতিক পটপরিবর্তনে অনেক ক্লাবই পৃষ্ঠপোষক পাচ্ছে না, তাই কোপ পড়েছে ক্রিকেটারদের পারিশ্রমিকে। কমিয়ে হলেও প্রতিশ্রুত অর্থের পুরোটাই যেন জোটে, ট্রফি উন্মোচনে বেশিরভাগ দলের অধিনায়কের কণ্ঠে ছিল এমন উদ্বেগ। এমন পরিস্থিতিতেই শুরু হচ্ছে দেশের ক্রিকেটের মেরুদ- হিসেবে পরিচিত ঢাকা লিগ, যেখানে শুরুতেই দেখা যাবে ‘তামিম বনাম তামিম’।

প্রিমিয়ারে এবারই উঠে আসা গুলশান ক্রিকেট ক্লাবের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রিমিয়ার লিগে এই দলটার যাত্রা শুরু হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলে। যে দলের অধিনায়কের নাম তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং আগামীতে ক্রিকেট বোর্ডে পরিচালক পদপ্রত্যাশী। পরিচয়ের পালা এখানেই সমাপ্ত হলেই ভালো হতো। কিন্তু সমাপ্তিরেখা টানা যাচ্ছে না কারণ তামিম ইকবাল গুলশান ক্রিকেট ক্লাবের একজন পৃষ্ঠপোষকও। একটা ক্লাবের পৃষ্ঠপোষক, আরেক ক্লাবের অধিনায়ক, এমন দুটো ক্লাব আবার প্রথম ম্যাচেই মুখোমুখি। এখানে স্বার্থের সংঘাত কতখানি, এমন প্রশ্নে তামিম ইকবাল বলেছেন দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে, ‘একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবুন। সবসময় নেতিবাচক দিক খোঁজার পরিবর্তে ইতিবাচক দিকগুলোর কথা ভাবুন। যদি আমি স্পন্সর না আনতাম এবং অন্যরাও এগিয়ে না আসত, তাহলে খেলোয়াড়দের পারিশ্রমিক অর্ধেকে নেমে আসত। আমি শুধু একটা উদাহরণ দিলাম, কিন্তু স্পন্সর না থাকলে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। তাই সবসময় খারাপটা না ধরে খেলাধুলা এবং খেলোয়াড়দের কথা ভাবুন।’

তামিম যে শুধু প্রিমিয়ার লিগ দলেরই স্পন্সর এনে দিয়েছেন ব্যাপারটা এমন নয়। গত কয়েক মৌসুম ধরে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদেরও তামিম স্পন্সর জোগাড় করে দেন। ফরচুন বরিশাল দলেরও স্পন্সর জোগাড় করেছেন তামিম ইকবাল, চেরি এবং সেভেন রিংস সিমেন্টের মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা নিয়ে এসেছেন বিপিএলের মাঠেও। এবার ঢাকা লিগেও খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে গলদঘর্ম হওয়া গুলশান ক্রিকেট ক্লাবের দিকেও তার সুনজর, ‘পৃষ্ঠপোষকরা এগিয়ে না এলে খেলোয়াড়দের পারিশ্রমিক অর্ধেকে নেমে আসত। তারা না এলে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতো। তাই সবসময় বিতর্ক না খুঁজে বৃহৎ ছবিটার দিকে তাকান, ক্রিকেট আর ক্রিকেটার।’

অবশ্য বৃহৎ ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতেই ক্ষতি হয়ে গেছে দেশের ক্রিকেটের। তৃতীয় বিভাগ বাছাই বন্ধ থাকা, পাতানো ম্যাচ, পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং, নির্দিষ্ট একটি ক্লাব মানেই জাতীয় দলের দরজা খোলাসহ অনেক অনিয়ম এতদিন ঢাকা পড়েছিল বড় ছবির নেপথ্যে। তখন সুবিধাভোগী তামিম এখন এসব বাদ দিয়ে সোচ্চার খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে। তার এই দ্বৈত ভূমিকা স্বার্থের সংঘাত সৃষ্টি করে কি না এমন প্রশ্নে তামিমের উত্তর, ‘আমি কোনো স্বার্থের সংঘাত দেখি না কারণ আমি দলটার মালিক নই। সর্বোচ্চ যেটা বলতে পারেন, আমি পৃষ্ঠপোষকদের আসতে সহায়তা করেছি। পৃষ্ঠপোষক না থাকলে ১৫-২০ জন ক্রিকেটার দলই পেত না। আমি গুলশান ক্রিকেট ক্লাবের মালিক নই, এখানে একটা বিরাট পার্থক্য আছে। এই মালিকানার ব্যাপারটা আমি বলিনি, আপনারা (মিডিয়া) সৃষ্টি করেছেন। আমি শুধু বলেছি আমি এই দলটার সঙ্গে আছি।’ এমনকি গণমাধ্যমের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তামিম বলেছেন, ‘কাল (আজ) গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে আমি যদি তাড়াতাড়ি আউট হই তাহলে কি বলবেন আমি ইচ্ছা করে আউট হয়েছি?’ বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং আর গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দলবদলে টোকেন তুলেও দল না পাওয়া লিটন দাস লিগ শুরুর আগের দিন যোগ দিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবে।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড আর প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগেরবারের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী এবার ভাঙা হাট। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। দেখাবে টি-স্পোর্টস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত