এক মৌসুম আগেও ফুটবল দুনিয়ায় অপ্রতিরোধ্য মনে হতো ম্যানচেস্টার সিটিকে। তবে এবারের মৌসুমে দলটির পারফরম্যান্সের চিত্র ভিন্ন। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয় থেকে এবার দূরেই আছে ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে গেছে। এমনকি কারাবাও কাপ থেকেও বিদায় হয়েছে তাদের। সিটির ভরসা এখন শুধু এফএ কাপ। সেই শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানসিটি ২-১ গোলে হারিয়েছে প্লেমাউথকে। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগে খেলছে প্লেমাউথ। সেখানে এই মৌসুমে দলটি আছে তলানির দিকে (২৪ দলের মধ্যে ২৩তম স্থানে)। তবে প্লেমাউথ চতুর্থ রাউন্ডে লিভারপুলকে হারিয়ে এসেছিল। সিটির বিপক্ষেও ম্যাচের শুরুতে গোল পায় প্লেমাউথ। ৩৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তালোভিরোভ। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে গোল করেন নিকো ও’রেইলি। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান ও’রেইলি। ৯০ মিনিটে গোল করেন ডি ব্রুইন। ম্যাচের শুরুর একাদশে ছিলেন না আর্লিং হালান্ড, রুবেন দিয়াজ। দুজনেই পরে বদলি হিসেবে নামেন।
এবার এফএ কাপ বাদে বাকি টুর্নামেন্ট থেকে বিদায় বা শিরোপা লড়াইয়ে পিছিয়ে থাকায় গেল গ্রীষ্মকালীন দলবদলে সিটির সিদ্ধান্তগুলো এখন প্রশ্নবিদ্ধ। ৮১.৫ মিলিয়ন পাউন্ডে আলভারেজকে আতলেতিকো মাদ্রিদে ছেড়ে দেয় সিটি। পরিবর্তে বড় কোনো তারকাকে দলে ভেড়ায়নি তারা। দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বয়স ৩০ এর ঘর পেরিয়ে গেছে। একসময় যারা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন ছিলেন, তারাই এখন বয়সের ভারে ধীর হয়ে যাচ্ছেন। কিছুদিন আগে স্কাই স্পোর্টস তাদের এক রিপোর্টে বলেছে, সিটি নাকি আসছে গ্রীষ্মের দলবদলে ডি ব্রুইন, জ্যাক গ্রিলিশসহ বেশ কয়েকজনকে দল খুঁজে নিতে বলেছে। তবে এই মৌসুমে শেষ পর্যন্ত সিটি কোথায় গিয়ে থামে সেটি দেখার।
