সাগর-রুনি হত্যা

মামলার তদন্ত প্রতিবেদন জমা ১১৬ বার পেছাল

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:২৯ এএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ এপ্রিল ধার্য করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে ১১৬ বার পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

গতকাল মামলাটির তদন্ত প্রতিবেদন জমার দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেনি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক আর রুনি এটিএন বাংলায় জ্যৈষ্ঠ প্রতিবেদক ছিলেন। হত্যাকান্ডের ঘটনার পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন।

মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন, বাকিরা কারাগারে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত