স্ত্রী-শ্যালিকাকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার (২ মার্চ) দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে এ বিষয়ে স্থানীয় বা পরিবারের লোকজন নিশ্চিত করে বলতে পারেননি। 

সকাল সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছে।

নিহতরা হলেন- গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে যৌতি আক্তার (২০) ও স্মৃতি আক্তার (১৩)। পলাতক স্বামীর নাম আমীর হোসেন।

স্থানীয়রা জানান, বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের বিয়ে হয় যৌতি আক্তারের। পরিবারের লোকজন বলছে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। রাত একটার পর এ ঘটানাটি ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা। খবর পেয়ে তারা এসে বিছানায় লাশ দেখতে পান। দুই বোনের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কীভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছে। আমীর হোসেন পালিয়ে গেছে।

নিহত যৌতির ভাইয়ের বরাত দিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, রাত ১১টার সময়ও তার দুইবোনের সঙ্গে গল্প করছিল আমীর হোসেন। রাত ১১টার পর থেকে ভোররাত ৫টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যৌতি আক্তারের গলায় একটু দাগ আছে তবে স্মৃতি শরীরের কোথায় কোন দাগ নেই। এতে ধারণা করা হচ্ছে বালিশ চাপ দিয়ে হত্যা করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটিয়েছে আপাতত বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে। তদন্ত রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত