গজারিয়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০২:৩২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোহাগ (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) ভোরে মুন্সীগঞ্জের গজারিয়া বাউশিয়া অংশের মধ্য এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোবারক আলীর ছেলে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের মহাসড়কের সামনে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক আরেকটি ট্রাকের উপরে উঠে গেলে এক ট্রাকের চালক নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর ট্রাকের নিচে চাপা পড়া ঐ চালককে উদ্ধার করেন। 

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, 'লাশ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত