বাংলা একাডেমি

বইমেলার বিক্রির হিসাব নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

  • ৩৫১ প্রতিষ্ঠানের হিসাব পেয়েছে বাংলা একাডেমি
  • এসব প্রতিষ্ঠানের মোট বিক্রি প্রায় ২০ কোটি
  • ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির বিক্রি ৬১ লক্ষ
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম

অমর একুশে বইমেলায় (২০২৫) মোট বই বিক্রির পরিমাণ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে আলোচনা চলছে। বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এ নিয়ে বিবৃতি দিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. সরকার আমিন।

মঙ্গলবার বিবৃতিতে বলা হয়, ‘বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এ মোট বই বিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লক্ষ বলে জানিয়েছিলেন।’

‘অনেকেই সে সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘এমনকি কোনো কোনো জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেল দায়িত্বহীনভাবে এ ধরনের সংবাদ পরিবেশন করেছে।’

সদস্যসচিব জানান, ‘মেলা পরিচালনা কমিটি প্রকাশকদের কাছ থেকে বিক্রয়-প্রতিবেদন চেয়ে থাকে। এবারও চেয়েছে। এবার বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট প্রতিষ্ঠান ৭২১টি। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা-প্রতিষ্ঠান। এবার যথেষ্ট তাগাদা দিয়ে এবং সময়ক্ষেপণ করে আমরা মোট ৩৫১টি প্রতিষ্ঠানের বই-বিক্রির হিসাব পেয়েছি।’

বিবৃতিতে জানানো হয়, ‘এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। বাকি প্রতিষ্ঠানসমূহের সম্ভাব্য বিক্রির পরিমাণ যোগ করে এ হিসাবে সর্বমোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে।’ অপরদিকে ‘এবার মেলা শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা। মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত