কুড়িগ্রামে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুরজিৎ মণ্ডল নামের এক মিষ্টি ব্যবসায়ী। আজ বুধবার সকালে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের মিষ্টির দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুরজিৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধি নগর ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্টান্ডে ‘অর্পিতা সুইটস’ নামের একটি দোকান পরিচালনা করতেন।
আত্মহত্যার আগে একটি চিরকুটও লিখে যান সুরজিৎ। সেই চিরকুটের একাংশে লেখা রয়েছে, ‘হে কচাকাটা বাসিন্দাবৃন্দ ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল তাতে কোনো দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। বিভিন্ন কারণে অনেক হয়রানী ও হতে হয়।’
স্থানীয়রা জানান, সুরজিৎ দীর্ঘদিন ধরে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করতেন। কয়েক মাস আগে ওই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরির কারখানা বসান। সেই কারখানার সামনের রাস্তায় টেবিল চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন।
এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। সুসাইডাল নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেন নাই। মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার কারণ জানা যাবে।’
প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও ২ বিশেষ সহকারী নিয়োগ
বেসরকারি শিক্ষকদের সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা
খালেদা জিয়া অনেকটাই সুস্থ, চিকিৎসকের অনুমতি পেলে দেশে ফিরবেন: ডা. জাহিদ