চোট থেকে বাঁচাতেই মেসিকে বিশ্রাম দিয়েছিলেন মাশচেরানো

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৭:৪১ পিএম

মেজর লিগ সকারে হিউস্টন ডায়নামোর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে খেলাননি ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। দলের নিয়মিত অধিনায়ককে বিশ্রাম দিয়েছিলেন তিনি। মেসি না খেলায় সেই ম্যাচের টিকিট ফ্রি করে দিয়েছিল হিউস্টন।

মেসির কোন ইনজুরি ছিল না। তবে মেসিকে ইনজুরি থেকে রক্ষা করতেই তাকে বিশ্রামে রেখেছিলেন মায়ামি কোচ।

এমন নয় যে, হিউস্টনের বিপক্ষে খেললেই মেসি ইনজুরি হতো। এমএলএস এ মৌসুম কেবল শুরু হয়েছে। এখনই যদি মেসি ইনজুরিতে পড়েন তবে গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ মিস হবে। তাছাড়া মায়ামি দলে এরই মধ্যে বেশ কয়েকজনের ইনজুরি সমস্যা আছে।

মাশচেরানো বলেন, 'লিওর কোন ইনজুরি ছিল না। সে কিছুটা ক্লান্তি বোধ করছিল। এরই মধ্যে সে (তিন ম্যাচ খেলে ফেলায়) অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছে। সেজন্যই তাকে হিউস্টনের দলের সঙ্গে রাখা হয়নি।'

মাশচেরানো জানিয়েছেন, এরই মধ্যে তার দলের অনেকে ইনজুরিতে থাকায় মেসিকে নিয়ে ঝুঁকি নেননি, 'এরই মধ্যে আমাদের অনেকে ইনজুরিতে আছেন। এমন কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্রাম না দিলে সে ইনজুরিতে পড়ে যেত এবং এক মাসের জন্য তাকে হারাতে হতো। যা আমি চাইনি।'

মায়ামির পরবর্তী ম্যাচ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে। জ্যামাইকার ক্লাব কাভালিয়ের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় কাল সকাল ৭ টায়। এই ম্যাচে মেসি খেলবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত