‘আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ আক্রমণের শিকার হচ্ছে’

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৯:১৭ পিএম

আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ মানুষের আক্রমণের শিকার হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেছেন, আইন প্রয়োগ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ বাধার মুখে পড়ছে, পুলিশের ওপর আক্রমণ করা হচ্ছে। উল্টো পথে যান চলাচল বন্ধে ব্যবস্থা নিতে গিয়ে ট্রাফিক পুলিশের ওপর সাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার সকালে রংপুরে একটি কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

অপরাধী সদস্যদের বিচারের আওতায় এনে পুলিশ বাহিনীকে স্বগৌরবে ফেরানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা চেষ্টা করছি যারা অপরাধী (পুলিশ), তাদের বিচারের আওতায় এনে ও সরিয়ে দিয়ে পুলিশকে আবার স্বগৌরবে ফিরিয়ে আনতে, কর্মক্ষম করে তুলতে।

সেজন্য নাগরিক সমাজের প্রতি পুলিশকে কাছে টেনে নেওয়ার এবং সহায়তার আহ্বান জানান তিনি। 

বাহারুল আলম বলেন, ৫ আগস্টের আগে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছিল সে সরকার তার ক্ষমতা প্রলম্বিত করতে মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। তার স্মৃতি আমাদেরকে এখনও বহন করতে হচ্ছে। প্রায় এক হাজার শহীদ এবং কয়েক সহস্র আহত ছাত্র-জনতা আমাদের স্মৃতিকে মনে করিয়ে দেয় ৫ আগস্টের আগে ১৫ বছর আমরা কীভাবে অসহনীয় পরিস্থিতিতে কাল কাটিয়েছি।

জুলাই অভ্যুত্থানের মামলাগুলো সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তির দাবি জানিয়ে তিনি বলেন, যদি নিষ্পত্তি না করা হয় এবং মানুষ যদি ন্যায়বিচার না পায়, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না।

এ জন্য বিচারক, সরকারি কৌঁসুলি, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবার একটি সম্মিলিত প্রয়াসের দরকার বলে মনে করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত