নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে ৫৫ কোটি টাকা অবৈধ সম্পদ ও তার ৪৯টি ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তার স্ত্রী মাহমুদা বেগমের সাড়ে ১৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও তার ১৪টি ব্যাংক হিসাবে ৪৬১ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। দুটি মামলায় লাক মিয়া দম্পতির বিরুদ্ধে ৬৯ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তাদের ব্যাংক হিসাবে ১৪ হাজার ৮৩৭ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৬৪৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
এজাহারে বলা হয়, লাক মিয়ার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক কারবারের মাধ্যমে কোটি কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুদকে। সংস্থাটির অনুসন্ধানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাক মিয়ার ৫৮ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ১৪০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।
