নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পুলিশ-র্যাবের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো আজও জুমার নামাজ শুরুর আগেই অনেকে বায়তুল মোকাররমে পৌঁছেছেন। তবে পরিস্থিতি অন্যান্য সাধারণ জুমা বারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। পল্টন মোড়ে এনে রাখা হয়েছে জলকামান, সাঁজোয়া যান (এপিসি কার) ও প্রিজন ভ্যান। চলন্ত গাড়িতে টহল দিচ্ছেন সেনা সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে প্রচুর পুলিশ ও এপিবিএন সদস্যরা রয়েছেন। পল্টন মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে (সচিবালয়ের বিপরীত পাশের রাস্তায়) একটি সাঁজোয়া যান (এপিসি), একটি জলকামান ও একটি প্রিজন ভ্যানও দেখা গেছে। বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়মুখী সড়কে পুলিশের আরেকটি প্রিজন ভ্যান দেখা গেছে। পল্টন মোড়ে রয়েছেন সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে নিরাপত্তার দায়িত্বপালন করছেন পুলিশ সদস্যরা। সেখানে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদেরও দেখা গেছে। মসজিদ প্রাঙ্গণে রয়েছেন আরও পুলিশ সদস্য।
হিযবুত তাহরীর দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। তবে সম্প্রতি সরকারবিরোধী কার্যক্রমে প্রকাশ্যভাবে অংশ নিতে শুরু করেছে। বিশেষ করে ৫ আগস্ট থেকে সংগঠনটি সরকারের বিরুদ্ধে নানা কর্মসূচি শুরু করে। এর মধ্যে মিছিল, গোলটেবিল বৈঠক এবং বিভিন্ন দাবিতে আন্দোলন অন্তর্ভুক্ত ছিল। সংগঠনটি চট্টগ্রামে নানা কর্মসূচিও পালন করেছে।
আজ হিযবুত তাহরীর তাদের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজনের ডাক দেয়। এজন্য সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে এবং লিফলেট বিতরণ করেছে। তবে যেহেতু হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠন, তাই তাদের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২০০৯ সালে বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সময় থেকে তাদের কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার বা লিফলেট বিতরণসহ অন্য কোনো প্রচারণামূলক কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি সফল হতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা ১১ ও ১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ নামে সমাবেশ পালন-সংক্রান্ত গোপন পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।
পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আজ
আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি নেই
চড়া দাম তরমুজের, মধ্যবিত্তের নাগালের বাইরে