মা-বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ছেলে আটক

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম

নেশার টাকার জন্য গভীর রাতে বৃদ্ধ মা আমেনা বেগমকে (৬০) জবাই করে হত্যাচেষ্টা করেছে আবুল কালাম (৩৮) নামে এক মাদকাসক্ত ছেলে। এ সময় বাঁধা দিতে গেলে বৃদ্ধ বাবা মো. আব্দুর রহিমকে (৭০) কুপিয়ে জখম করে। এ ঘটনায় বেলছড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে পৌনে ১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় মাদকাসক্ত ছেলে আবুল কালামকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

জানা যায়, দীর্ঘদিন ধরেই মাদকসেবন করে মা-বাবার ওপর মানসিক নির্যাতন করে আসছিল ছেলে আবুল কালাম। ঘটনার দিন রাত ১২টার দিকে ঘরে ফিরে মা-বাবার কাছে নেশার জন্য টাকা দাবি করে মাদকাসক্ত ছেলে। এ সময় তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে মাদকাসক্ত ছেলে বাবাকে কুপিয়ে জখম করে। এ সময় মাকে জবাই করে হত্যাচেষ্টা করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, আবুল কালামকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত