ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১:২৯ এএম

রাজধানীর মোহাম্মদপুরে একটি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

জানা যায়, মোহাম্মদপুর প্রবর্তনা নামের দোকানটি বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান। ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তবে কারা এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কিংবা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 

তিনি আরও জানান,  বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে যান। সিসিটিভি ক্যামেরা যাচাই করে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত