যে তিন কিউই ক্রিকেটার নিয়ে রোহিতদের সতর্ক করলেন শাস্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম

আর মাত্র একদিন, তারপরই দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শক্তি ও সামর্থ্যের দিক থেকে দুদলই সমানে সমান। তবে ফাইনালে নামার আগে কিউইদের নিয়ে সতর্ক ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। বিশেষ করে নিউজিল্যান্ডের চার তারকাকে ভারতের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন তিনি।

আইসিসির বড় আসরে রাচিন রবীন্দ্রের পারফরম্যান্স নজর কেড়েছে সবার। তরুণ এই ব্যাটারকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘যেভাবে সে ক্রিজে বিচরণ করে, সেটা দারুণ লাগে আমার। সামনে এগিয়ে খেলা, পেছনে গিয়ে কাট-সুইপ খেলা, পেসারদের সামলানো—সবকিছুতেই সাবলীল রাচিন। তার টেম্পারামেন্ট অসাধারণ।’

ওয়ানডে বিশ্বকাপে মাত্র ১৩ ইনিংসে রাচিন হাঁকিয়েছেন ৫টি সেঞ্চুরি, যা নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ। শাস্ত্রী মনে করেন, বড় মঞ্চে এমন পারফরম্যান্স কেবল বিশেষ প্রতিভার অধিকারীর পক্ষেই সম্ভব।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বরাবরই ঠাণ্ডা মাথার ক্রিকেটার। শাস্ত্রীর চোখে, ‘সে যেন এক সাধু! পুরো মনোযোগ দিয়ে খেলায় নিবিষ্ট থাকে। তার ব্যাটিং দেখতে দারুণ লাগে, কারণ সে অনেক হিসেব করেই খেলাটা গড়ে তোলে। পায়ের কাজ, শট নির্বাচনের বুদ্ধিমত্তা—সবকিছুই নিখুঁত।’

চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে প্রথমবার অধিনায়কত্ব করেই দলকে ফাইনালে তুলেছেন মিচেল স্যান্টনার। তার নেতৃত্বগুণের প্রশংসা করে শাস্ত্রী বলেন, ‘নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে স্যান্টনারকে বেছে নেওয়া ছিল অসাধারণ সিদ্ধান্ত। তার বুদ্ধিদীপ্ততা, পরিস্থিতি পড়ার ক্ষমতা, সবকিছুই দলের জন্য কার্যকর। আমার মনে হয়, নিউজিল্যান্ডের নেতৃত্বে সে দীর্ঘদিন থাকবে।’

গ্লেন ফিলিপসকে বিশেষভাবে আলাদা করেছেন শাস্ত্রী। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত তিনি। শাস্ত্রীর ভাষায়, ‘এক মুহূর্তের ঝলকানিতেই ফিলিপস ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ব্যাট হাতে নেমে চোখের পলকে ৪০-৫০ রান করে ফেলতে পারে, আবার প্রয়োজনের সময় উইকেট নিয়ে চমকে দিতে পারে।’

আগামী ৯ মার্চ দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। শাস্ত্রীর মতে, নিউজিল্যান্ডের এই চার তারকাই ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত