মেসির ইনজুরি না অবসাদ? মুখ খুললেন মাশচেরানো

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম

ইন্টার মায়ামির সর্বশেষ দুই ম্যাচে দেখা যায়নি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। ফলে শুরু হয় ইনজুরির গুঞ্জন। আবার কেউ কেউ ধারণা করেছিল, আগের ১০ দিনের মধ্যে তিন ম্যাচ খেলায় মেসিকে হয়তো বিশ্রাম দেওয়া হয়েছে। এবার মেসিকে নিয়ে মুখ খুললেন মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। জানালেন ইন্টার মায়ামি অধিনায়কের হালচাল।

ঘরের মাঠে শার্লট এফসির বিপক্ষে ম্যাচের আগের দিন গতকাল শনিবার সংবাদ সম্মেলনে মায়ামি কোচ বলেন, ‘লিও এখন আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা আশাবাদী, যদি সবকিছু ভালোভাবে এগোয়, তাহলে তার (ম্যাচ খেলার) থাকার সম্ভাবনা আছে। আমরা পর্যবেক্ষণ করব। এখনও অনুশীলনের বাকি আছে। অনুশীলন শেষ হওয়ার আগ পর্যন্ত আমি কোনোকিছুর নিশ্চয়তা দিতে পারি না।’

‘আগের চেয়ে ভালো’ বললেও মেসি কোনো ইনজুরিতে আক্রান্ত হননি- সেটা নিশ্চিত করেন মায়ামি কোচ, ‘মেডিকেল টিম আমাকে বলেছে, তার কোনো চোটাঘাত নেই। তবে তার পেশির অবসাদজনিত ব্যাপার ছিল। কয়েকদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা, আবহাওয়ার পরিবর্তন ও আরও নানা কিছু মিলিয়েই এটা হয়েছে। আমার চেয়ে বেশি তো কেউ চায় না যে লিও খেলুক। কারণ আমি জানি, সে থাকলে আমরা কতটা শক্তিশালী।’

মেসিকে ছাড়াই অবশ্য সর্বশেষ দুটি ম্যাচে জয় পেয়েছে মায়ামি। তবে মেসিকে বিনা কারণে বসিয়ে রাখার পক্ষে নন মাশ্চেরানো, ‘নিজের পায়ে গুলি করার মতো পাগল আমি নই। তবে কিছু পরিস্থিতি আছে, প্রতিটি দিন ধরে পর্যালোচনা করতে হয়। শুধু লিওর ক্ষেত্রেই নয়, সব ফুটবলারের ক্ষেত্রেই আমাকে নিশ্চিত করতে হবে, তারা যেন শতভাগ ঠিক থাকলে। নইলে অযথা ঝুঁকি নেব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত