প্রথমবার খেলতে এসেই নারী ডিপিএলে চ্যাম্পিয়ন শেলটেক

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:৫৩ পিএম

এক ম্যাচ হাতে রেখেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি। প্রথমবার খেলতে এসেই চ্যাম্পিয়ন হলো তারা। 

রবিবার খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটের জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শেষ ম্যাচে শেলটেক হেরে গেলে এবং মোহামেডান জিতলে দুই দলের পয়েন্টই হবে ১৪। সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের বিবেচনায় চ্যাম্পিয়ন্স হবে শেলটেকই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই মোহামেডানকে ৫৩ রানে হারিয়ে আসর শুরু করেছিল শেলটেক। সেই জয়ই তাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছে।

রবিবার ইউল্যাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শেলটেকের দুই স্পিনার ফাহিমা খাতুন (৩/১২) ও জান্নাতুল ফেরদৌস সুমনার (৩/৪৬) ঘূর্ণিতে মাত্র ১১৮ রানে অলআউট হয় খেলাঘর। দলটির কোনো ব্যাটারই ২৩ রানের বেশি করতে পারেনি। তবে তাদের একশ পার হওয়ার বড় কৃতিত্ব দিতে হবে শেলটেকের বোলারদের। তারা অতিরিক্ত রান খরচ করেছেন ২৭। আর তাতেই একশ পার করে খেলাঘর। ৩টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা। 

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ইশমা তানজিম ২৮ ও শারমিন সুলতানা ৪১ রান করলে ১ উইকেটেই ৮০ রান তুলে ফেলে দলটি। এরপর ব্যাটিং ধস নামে তাদের। ১৩ রানের মধ্যে আউট হন পাঁচ ব্যাটার। অধিনায়ক জ্যোতি করেন ৮ রান। তবে ফাহিমা-সুমানার ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে শেলটেক। ফাহিমা ১১ ও সুমনা ১২ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে দিনের অন্য ম্যাচে মোহামেডানের বিপক্ষে লড়াই করতেই পারেনি বিকেএসপি। ২২০ রানের লক্ষ্যে ১৪৫ রানে গুটিয়ে যায় তারা।
মোহামেডানকে দুইশ ছাড়ানো স্কোর এনে দেওয়ার বড় কারিগর শারমিন আক্তার। তিন নম্বরে নেমে ১০৮ বলে ৭৪ রান করেন তিনি। শেষ দিকে সালমা খাতুন ২৭ বলে ৩৪ ও আয়েশা রহমান ৫৯ বলে খেলেন ৩৫ রানের ইনিংস।

রান তাড়ায় ৭২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বিকেএসপি। অষ্টম উইকেটে ৬৭ রানের জুটি গড়েন নিশিতা আক্তার ও ফারজানা ইয়াসমিন। আট নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৪২ রান করেন ফারজানা। নিশিতার ব্যাট থেকে আসে ২৭ রান। বল ফারিহা ইসলাম নেন ৩ উইকেট। এছাড়া সালমা, আয়েশা ও রুমানা আহমেদের শিকার ২টি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত