ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট শুক্রবার থেকে

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৪১ এএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৪ মার্চ থেকে অনলাইনে আগাম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। তাছাড়া বাড়তি পাঁচ জোড়া ট্রেন চালু এবং আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। গতকাল রবিবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ মার্চ ২৪ মার্চের আগাম টিকিট বিক্রি করা হবে। একইভাবে ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের, ১৯ মার্চ ২৯ মার্চের এবং ২০ মার্চ ৩০ মার্চের আগাম টিকিট ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টায় ইস্যু করা হবে।

রেলওয়ে জানিয়েছে, তাদের ঘোষিত সূচি অনুযায়ী অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

ঈদে ফিরতি যাত্রার টিকিট ২৪ মার্চ থেকে বিক্রি শুরু হবে। এ দিন ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। একইভাবে ২৫ মার্চ ৪ এপ্রিলের, ২৬ মার্চ ৫ এপ্রিলের, ২৭ মার্চ ৬ এপ্রিলের, ২৮ মার্চ ৭ এপ্রিলের, ২৯ মার্চ ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে। ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ৩৫ হাজার ৯১৩টি, যা শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত ৪৪টি কোচ যুক্ত করা হবে।

টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ২৪ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। ঈদযাত্রা শুরুর দিন ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা অভিমুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরের ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত