ত্রাণ উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করলেন সংবাদকর্মীরা

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) কুড়িগ্রাম সফরে এলেও স্থানীয় প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়নি স্থানীয় সংবাদকর্মীদের। এরপরও পেশাগত দায়িত্ব পালনে সংবাদকর্মীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যান। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদকর্মীদের আসন না দেওয়া ও ছবি তুলতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ অবস্থায় নিরুপায় হয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করে সভা বর্জন করেন সংবাদকর্মীরা। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন চত্বর এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

স্থানীয় সাংবাদিক নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার প্রথমবারের মতো কুড়িগ্রাম সফরে এলেও সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে জেলার সাংবাদিকদের জানায়নি জেলা প্রশাসন। এটি সাংবাদিক ও গণমাধ্যমকে উপেক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অবহেলা।

টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ইউনুস আলী বলেন, ‘একজন উপদেষ্টা প্রথমবারের মতো কুড়িগ্রামে আসছেন অথচ জেলা প্রশাসন থেকে কুড়িগ্রামের সাংবাদিকদের জানানো হয়নি। এরপরও আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে জেলা প্রশাসক কার্যালয়ে গেলেও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। যে কারণে আমরা এ সংবাদ বর্জন করছি।’

কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য আশরাফুল হক রুবেল বলেন, ‘দুপুর সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের কথা থাকলে আমরা কুড়িগ্রাম প্রেসক্লাব ও টেলিভিশন ফোরামের সকল সাংবাদিকরা নির্ধারিত সময়ে উপস্থিত হলেও দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষার পরও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। এছাড়াও ২-৩ জন ফেসবুকে নামধারী সাংবাদিক থাকায় আমরা বয়কট করলাম।’

কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সফর নিয়ে জেলার সাংবাদিক কিংবা প্রেসক্লাবকে জানানো হয়নি। জেলা প্রশাসন প্রকৃত ও মূলধারার সাংবাদিকদের পাশ কাটিয়ে চলছে।’

এ ব্যাপারে জানতে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে সফরসূচি থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক আজ বেলা ১১টায় কুড়িগ্রামে পৌঁছান। সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে তিনি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের শোবনদহ নামক স্থানে ১১ দশমিক ৫৮০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ উদ্বোধন করেন। এরপর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ ও টিআর প্রকল্পের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। বিকেলে জেলার নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নকল্পে ট্রেনিংপ্রাপ্তদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করবেন। দিনভর সফর কর্মসূচি শেষে উপদেষ্টা সন্ধ্যায় তিনি কুড়িগ্রাম ত্যাগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত