আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমারসহ ব্রাজিলের ১০ ফুটবলার

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম

চলতি মাসে লাতিন অঞ্চলের দেশগুলো ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দুটি করে ম্যাচ খেলবে। আছে সুপার ক্লাসিকোও, দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে আগামী ২৬ মার্চ।

সেই ম্যাচ থেকে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় রয়েছেন ১০ ব্রাজিলিয়ান ফুটবলার।

আর্জেন্টিনা ম্যাচের আগে ২১ মার্চ ব্রাজিল ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দেবে। সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন ব্রাজিলের স্কোয়াডে এমন ফুটবলার আছেন ১০ জন।

কনমেবলের (দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা) নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচ খেলায় নিষিদ্ধ হবেন। সে কারণে কলম্বিয়া ম্যাচে খুব সতর্কতার সঙ্গে হলুদ কার্ড এড়িয়ে খেলতে হবে ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড়কে।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের যারা হলুদ কার্ড দেখেছেন - নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো, এডারসন মোয়ারেস, গ্যাব্রিয়েল মাগালেস, ব্রুনো গুইমারেস, আন্দ্রে, দানিলো, ম্যাথিউস কুনহা।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান পাঁচে। যথাক্রমে শীর্ষ চারে আছে– আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত