‘মাগুরার সেই শিশুর মৃত্যু আমাদের লজ্জিত ও অপরাধী করে দেয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা, এমন মৃত্যু কীভাবে হচ্ছে?’
গতকাল শুক্রবার পল্টন মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে আয়োজিত ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রিন্স বলেন, ‘সারা দেশে অব্যাহত খুন, ধর্ষণ, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হচ্ছে। শুধু নতুন রাজনৈতিক দলকে উৎসাহ দিলেই গণতান্ত্রিক পরিবর্তন ঘটে না। মব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রহস্যময় নির্লিপ্ততা, উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে। অবিলম্বে ন্যূনতম সংস্কার সাধন করে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করুন। জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে, জনগণের ম্যান্ডেটে সরকার গঠন না হলে, দেশে স্থিতিশীলতা আসবে না এবং অব্যাহত নারী নির্যাতন বন্ধ হবে না, গণমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না।’
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক রুবেল বলেন, ‘সেই শিশুর মৃত্যুতে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার খুন, ধর্ষণ কিংবা মব নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তো পারছে না। তাদের নাকের ডগায় এই মব সন্ত্রাস চলছে। কোনো কার্যকর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না।’
