ন্যাটোপ্রধানকে ট্রাম্প

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের  লাগবেই

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৬:৫৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটকে বলেছেন, আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্ক রুটের সঙ্গে বৈঠককালে এমন কথা বলেন ট্রাম্প। 

ট্রাম্প বলেন, আপনি জানেন, মার্ক, আমাদের এটি দরকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য, শুধু নিরাপত্তা নয়, আন্তর্জাতিক নিরাপত্তা। জনপ্রিয় অনেক খেলোয়াড় উপকূল জুড়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সাবধান থাকতে হবে। এটা নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলব।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ মন্তব্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ আর্কটিকের দ্বীপটির দখল পেতে নতুন মার্কিন প্রশাসনের সুতীব্র আগ্রহ নতুন করে সামনে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র দ্বীপটির দখল নেবে কি না, এমন প্রশ্নের জবাবে এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটাই হবে বলে আমার বিশ্বাস।

চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের আগ্রহের বিষয়টি বারবার আলোচনায় এসেছে।

আধা-স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চলটি দখলে পেতে ট্রাম্প যে এখন ন্যাটোকেও কাজে লাগাতে চান, বৃহস্পতিবারের মন্তব্যে সেটিই বোঝা যাচ্ছে।

অবশ্য গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যও তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন গ্রিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী মুটে এগেদে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট আবারও আমাদের অঞ্চলটি দখলে নেওয়ার কথা বলেছেন। যথেষ্ট হয়েছে।

গত মঙ্গলবার গ্রিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়া স্বাধীনতাপন্থি ডেমোক্রেটিক পার্টির নেতা জেনস-ফ্রেডরিক নেইলসনও ট্রাম্পের চাওয়া খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দেওয়া বক্তব্য একেবারেই বেমানান, এ ধরনের পরিস্থিতিতে আমাদের অবশ্যই একসঙ্গে দাঁড়ানো উচিত।

এসব নিয়ে ওয়াশিংটনে অবস্থিত ন্যাটো ও ডেনমার্কের দূতাবাসের প্রতিক্রিয়া চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তারা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত