এই প্রতিযোগিতাটির টানা দুই আসর ধরে চ্যাম্পিয়ন তিনি। ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস জায়গাটি নিজের বাড়ি বলেই ভাবা শুরু করে দিয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। কাল কোয়ার্টার ফাইনালের লড়াই জেতার পর দর্শকদের সঙ্গেও রসিকতা করতে ছাড়েননি। ক্যামেরার লেন্সে লেখেন, ‘আমি কি এখানে একটা বাড়ি কিনে নেব?’ একদিন আগেই ইন্ডিয়ান ওয়েলস ওপেনের হার্ডকোর্টে আলকারাজ অপ্রতিরোধ্য বোধ করেন কি না, জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। তার জবাবটা অবশ্য ইতিবাচক ভঙ্গিতেই দিয়েছিলেন তিনি। কোয়ার্টারের লড়াইয়ে আর্জেন্টিনার ফ্রানসিসকো সেরুনদোলোকে সরাসরি সেটে হারিয়ে দিয়ে এখনো সেই পথেই আছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে সরাসরি সেটে হারিয়ে দিয়ে আলকারাজের সেমিফাইনালের প্রতিপক্ষ হয়েছেন ব্রিটেনের জ্যাক ড্রেপার।
ইন্ডিয়ান ওয়েলস ওপেনে এ ম্যাচটি নিয়ে টানা ১৬ ম্যাচে জয় পেলেন আলকারাজ। এর ফলে টানা চার মৌসুম ধরে প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠলেন আলকারাজ। গত দুই আসরেই দানিল মেদভেদেভকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস ওপেন শিরোপা জিতে নিয়েছিলেন তিনি। হ্যাটট্রিক শিরোপা থেকে আর মাত্র দুটি জয় দূরে আছেন ২৩ বছর বয়সী এ স্প্যানিশ তারকা।
পুরুষ বিভাগের অন্য দুই কোয়ার্টার ফাইনাল জিতে রবিবারের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন দানিল মেদভেদেভ ও হোলগার রুনে। নারী বিভাগে শনিবার প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইগা শোয়ানটেকের বিপক্ষে লড়বেন নবম বাছাই মিরা আন্দ্রিভা। আর দ্বিতীয় সেমিফাইনালে পুনরাবৃত্তি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের। যেখানে নম্বর ওয়ান আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন পঞ্চম বাছাই ম্যাডিসন কিস। সাবালেঙ্কাকে হারিয়েই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড সø্যাম জেতেন কিস। এবার সেমিতে সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছেন সাবালেঙ্কা।
