সমতা ঘুচিয়ে এগিয়ে যাওয়ার লড়াই

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৭:১৪ এএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের প্রথম ৬ দলের পয়েন্ট সমান। প্রতিটা দলই জিতেছে ৩টি করে ম্যাচ, হেরেছে ১টি; প্রাপ্ত পয়েন্ট ৬। এই সমতা ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা আজ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে মুখোমুখি আবাহনী লিমিটেড-ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ৬ দলের ভেতর একমাত্র ব্রাদার্সই পয়েন্টে পিছিয়ে, ৪ ম্যাচে তাদের সংগ্রহ ২, বাকি ৫ দলেরই পয়েন্ট ৬ করে। পঞ্চম রাউন্ডের ম্যাচের ফলই ভেঙে দেবে পয়েন্ট টেবিলের সাম্যাবস্থা।

এই মৌসুমে শক্তিশালী দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং। পরিবর্তিত বাস্তবতায় আবাহনীর একচ্ছত্র আধিপত্য ভেঙেছে, লিজেন্ডস কর্ণধার লুৎফর রহমান বাদলও দীর্ঘদিন পর ফিরেছেন দেশে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, আফিফ হোসেনদের সঙ্গে আকবর আলি, সাইফ হাসান, তানভির ইসলামদের নিয়ে তারুণ্যদীপ্ত শক্তিশালী দল লিজেন্ডস অব রূপগঞ্জের। অন্যদিকে মোহামেডান যেন অভিজ্ঞতার ভা-ার! আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো মাহমুদউল্লাহকে পাওয়া নিয়ে আছে খানিকটা শঙ্কা, চ্যাম্পিয়নস ট্রফি খেলে দেশে ফেরার পর গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিগের প্রথম ম্যাচেই শুধু খেলেছিলেন মাহমুদউল্লাহ, এরপর চোটের কারণে খেলছেন না। মুশফিকুর রহিম, তামিম ইকবাল অবশ্য আছেন। মোহামেডান অধিনায়ক তামিম টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন, তৃতীয় সেঞ্চুরির দেখা কি পেয়েই যাবেন আজ? মোহামেডান দলে অভিজ্ঞতার প্রাচুর্য্যরে সঙ্গে তারুণ্যেরও কমতি নেই। তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন আছেন দারুণ ছন্দে। তাদের সঙ্গে নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিনদের নিয়ে মোহামেডানের শক্তিশালী দল। আজ মিরপুরে রূপগঞ্জ-মোহামেডান দ্বৈরথে তাই মুখোমুখি হতে দেখা যাবে জাতীয় দলের বহু তারকাকেই।

বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স আর প্রাইম ব্যাংকের লড়াইয়েও আছে উত্তেজনার আঁচ। গাজীর পয়েন্ট ৬, প্রাইম ব্যাংকের ৪। জিতলে প্রাইম ছুঁয়ে ফেলবে গাজীকে আর গাজী জিতলে বাড়িয়ে নেবে ব্যবধান। সুপার লিগের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এগিয়ে থাকাটা শেষবেলায় গড়ে দিতে পারে বড় ব্যবধান। গাজীর মুখোমুখি হওয়ার আগে প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের জানালেন, ‘প্রস্তুতি ভালোই। আমরা ৪টা ম্যাচের ভেতর ২টা ম্যাচ হেরেছি, এটা আমাদের একটা শঙ্কার জায়গা। এই সব নিয়ে আমাদের কাজ হয়েছে, ব্যাটিংয়ে, বোলিংয়ে, দলীয় বৈঠকেও এসব নিয়ে আলোচনা হয়েছে, আশা করি আমরা ভালোভাবে লিগে ফিরে আসতে পারব।’

দলে হাসান মাহমুদ, খালেদ আহমেদের মতো পেসারদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করেন তালহা। প্রাইম ব্যাংকের তুলনায় গাজী গ্রুপ ক্রিকেটার্স অবশ্য তারকাখ্যাতিতে পিছিয়ে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং বিসিবি পরিচালক গাজী গোলাম দস্তগীর কারাগারে, তার পৃষ্ঠপোষকতাতেই ভালো দল গড়ত গাজী গ্রুপ। এবারে পরিস্থিতি বদলে যাওয়ার কারণে গাজী গ্রুপে তরুণ ক্রিকেটারই বেশি। সবশেষ ম্যাচে তারা অলআউট হয়েছে মাত্র ৯৩ রানে, লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোটাই গাজী গ্রুপ ক্রিকেটার্সের চ্যালেঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত