রাজশাহী স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষ, বগি লাইনচ্যুত

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৮ পিএম

রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে এই সংঘর্ষের সময় দুটি বগি লাইনচ্যুত হয়।

আজ শনিবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনগুলোতে ঐ সময় কোনও যাত্রী না থাকায় সংঘর্ষে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল। অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। এ সময় সংঘর্ষের ফলে দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি জানান, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় পাশাপাশি এ সংঘর্ষের ফলে ট্রেন দুটির বগি দুটি লাইন থেকে নেমে যায়। তবে যাত্রী না থাকায় কেউ আহত হননি। ট্রেন দুটির উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে এতে কিছুটা সময় লাগবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত