নুরুল হাসান সোহানের দুর্দান্ত সেঞ্চুরির পর সানজামুল ইসলামের দুর্বার স্পিন—এ দুইয়ে ভর করেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বড় জয় তুলে নিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ৯৭ রানের বিশাল জয় পেয়ে আসরে ঘুরে দাঁড়াল দলটি।
আজ পঞ্চম রাউন্ডের শেষ দিনের লড়াইয়ে শাইনপুকুরের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ধানমন্ডি। যদিও শুরুটা ভালো হয়নি। পাওয়ারপ্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে দল পড়ে চাপে। তবে সেই চাপ সামলে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান তোলে ধানমন্ডি, যার বড় কৃতিত্ব অধিনায়ক সোহানের। ১৩১ বলে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধস নামে শাইনপুকুর ব্যাটিং লাইনআপে। ৪৩ রানের মধ্যেই হারিয়ে ফেলে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর কিছুটা লড়াই করেছেন রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বির। রহিম ৪২ ও সাব্বির ৩৫ রান করলেও দলের অন্য কেউ বলার মতো রান করতে পারেননি। ফলাফল, ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট শাইনপুকুর।
ধানমন্ডির জয়ের নায়ক সানজামুল ইসলাম ৪৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তার স্পিনের জাদুতে একের পর এক উইকেট হারিয়ে পথ হারায় শাইনপুকুর।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলে ধানমন্ডিকে শক্ত অবস্থানে নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরুতে ৪৫ রান করে ফিরে যান ওপেনার হাবিবুর রহমান। পরে সানজামুল ইসলামের সঙ্গে মিলে পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি গড়েন সোহান।
ব্যক্তিগত ৬৪ বলে অর্ধশতক পূর্ণ করা সোহান আরও দায়িত্বশীল ব্যাটিং করেন। ১১৪ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর শেষ পর্যন্ত ১৩১ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন তিনি। তার দুর্দান্ত ইনিংসেই ২৭৭ রানের সংগ্রহ পায় ধানমন্ডি। শাইনপুকুরের হয়ে রায়ান রাফছান ৪৫ রানে ৩ উইকেট নেন।
অধিনায়কোচিত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন নুরুল হাসান সোহান। তার অসাধারণ ব্যাটিং এবং বুদ্ধিদীপ্ত নেতৃত্বেই ধানমন্ডি ঘুরে দাঁড়িয়েছে এবং বড় জয় পেয়েছে।
আমার আচরণ ভালো নয়, কিন্তু লোকে আনন্দ পায়: কোহলি
‘আমি মেসির সঙ্গে কাজ করেছি’ -হালান্ড প্রসঙ্গে গার্দিওলা