প্রক্সি ভোট ছাড়া বিকল্প ভাবছে না ইসি

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৭ পিএম

প্রবাসীদের ভোটে প্রক্সি ভোটিং নিয়ে অনেকের সংশয় নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, তিন ধরনের পদ্ধতির (অনলাইন, পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং) মধ্যে কোনোটিকেই অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া হয়নি। তিনটি পদ্ধতিকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।

আজ সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত মিশন প্রধানদের মধ্যে ১০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

পোস্টাল ও অনলাইন ভোটিং সম্পর্কে তিনি জানান, পোস্টাল ব্যালট বর্তমানে অকার্যকর। অনলাইন পদ্ধতি নিয়ে আজও আলোচনা হয়েছে। মিসরের রাষ্ট্রদূত জানিয়েছেন, তাদের অভিজ্ঞতা ভালো ছিল না, তারা চালু করে পরে অনলাইন ভোট বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের প্রতিনিধি বলেছেন, তাদের প্রাথমিক অভিজ্ঞতা ভালো, তবে এখনও পূর্ণাঙ্গভাবে অনলাইনে চালুর অবস্থানে নেই তারা।

প্রক্সি ভোটিংয়ের বিষয়ে কয়েকটি দেশের অভিজ্ঞতা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, আমাদের দেশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য অন্যের সহায়তায় ভোট দেওয়ার নিয়ম আছে। জমি-জমার লেনদেনেও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে কাজ করা হয়ে থাকে। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটি অপশন বা সব অপশনের সমন্বয় গ্রহণ করতে হবে। আর বড় পরিসরে প্রবাসীদের ভোট দিতে চাইলে প্রক্সি ভোটিং ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হয় না। কারণ, বাকি যে দুটি বিকল্প রয়েছে, সেগুলো পরীক্ষামূলক পর্যায়ে নেওয়া যেতে পারে, কিন্তু বড় পরিসরে বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে।

বৈঠক শেষে ওআইসি প্রতিনিধিদের পক্ষে বাংলাদেশস্থ মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান কথা বলেন। তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের একটি বড় সংখ্যক প্রবাসী বসবাস করেন। এ সরকারের অধীনে নির্বাচনী সংস্কারের সব উদ্যোগকে সমর্থন করছে মালয়েশিয়া। আমাদের অভিজ্ঞতা শেয়ারে আগ্রহী, বিশেষ করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিদেশি কর্মীদের বিষয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত