ঈদুল ফিতরের ছুটি ১০ দিনের পরিবর্তে ১২ দিন করার দাবিতে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা এই অবরোধ শুরু করেন, যা দেড় ঘণ্টা স্থায়ী হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা এবার ঈদুল ফিতরের ছুটি ১০ দিনের পরিবর্তে ১২ দিন করার দাবি জানান। তবে কারখানা কর্তৃপক্ষ তাদের এই দাবি মেনে নেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানান, ঈদের ছুটি বাড়ানোর তাদের দাবি যৌক্তিক। তারা বলছেন, দীর্ঘ সময় কাজ করার পর ঈদে পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটানোর জন্য ১২ দিন ছুটি প্রয়োজন। কারখানা কর্তৃপক্ষ তাদের এই দাবি উপেক্ষা করায় তারা বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সারাদেশে ঈদের ছুটি ১০ দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু ইউটাহ কারখানার শ্রমিকরা ১২ দিন ছুটির দাবি জানান, এরপর তারা মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ:
হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ
মার্কিন বাহিনীর হামলায় ইয়েমেনে ১৬ হুথি সদস্য নিহত