টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকার পরিবর্তে আজাহার মিয়া নামক এক ব্যক্তির বাড়ির উঠানের মাটি কেটে নিয়েছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদার। প্রায় ১৭ দিন পূর্বে উপজেলার আজগানা ইউনিয়নের ভালুকাচালা গ্রামে এই ঘটনা ঘটলেও বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে।
আজাহার মিয়া বলেন, মাসুদ সিকদার আমার কাছে ১ লাখ টাকা পায়। টাকা নেওয়ার সময় একটি স্ট্যাম্পে আমার সই নিয়েছে। এখন ওই টাকার পরিবর্তে আমার বাড়ির সামনে থেকে প্রভাব খাটিয়ে মাটি কেটে নিয়েছে। আমি এ নিয়ে আর কারও সাথে কথা বলতে চাই না। আল্লাহ এর বিচার করবো।
যুবদল নেতা মাসুদ সিকদার বলেন, আমি চক্রান্তের শিকার। আজাহার তার দেনা পরিশোধ করার জন্য ২০২১ সালে তার বাড়ির সামনে থেকে স্বেচ্ছায় আমার কাছে মাটি বিক্রি করেছে। আমি এ বছর ১২শ টাকা হারে তার জমি থেকে ১ লাখ টাকার মাটি নিয়েছি। এ ছাড়া আজাহার আরও কয়েকজনের কাছ থেকে মাটি বিক্রির বায়না নিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮ বছরের মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার